বগুড়ার শিবগঞ্জে শ্যালিকাকে (১৬) অপহরণের দায়ে দুলাভাইকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব বাজার এলাকার বুলু সরদারের মেয়েকে পার্শ্ববর্তী নড়াইল গ্রামের নুরু ইসলামের ছেলে আবদুল কুদ্দুস বিয়ে করেন। বিয়ের পর থেকে তার এসএসসি পরীক্ষার্থী শ্যালিকার প্রতি দুর্বল হয়ে পড়েন।
স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় কুদ্দুস গত ২০১৫ সালের ৩ জানুয়ারি প্রাইভেট পড়তে যাওয়ার সময় পীরব বাসস্ট্যান্ড থেকে শ্যালিকাকে অপহরণ করেন।
তাকে প্রথমে ঢাকায় নেয়া হয়। এর পর চট্টগ্রাম ও ময়মনসিংহে রাখা হয়। এ ব্যাপারে অপহৃতার বড় ভাই শফিকুল ইসলাম ওই বছরের ৯ জানুয়ারি শিবগঞ্জ থানায় ভগ্নিপতি কুদ্দুসসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামি ভগ্নিপতি কুদ্দুসকে গ্রেফতার করে।
বার্তাবাজার/এমকে