ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামীম (২৬) ও রাকিব (১৬)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার হাওলি গ্রামে একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধে জড়ায় দুই পরিবার। এ নিয়ে সেসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সোমবার সকালে আবারও এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই ভাইকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ পরিবার।
নিহতের সহোদরদ্বয়ের বোনের স্বামী (দুলাভাই) মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ীর নিকটবর্তী বিলে জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়, কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে গুরুত্বর আহতাবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাই কে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মূল হোতা সাজ্জাক মাতুব্বরকে আটক করেছে পুলিশ।এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে