পাবদা ও টেংরা চাষ শিখতে ১৪ সরকারি কর্মকর্তা বিদেশ যাচ্ছেন

ইউনিয়ন পর্যায়ে টেংরা, গুলশা ও পাবদা মাছ চাষ শিখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা বিদেশ যাবেন। জনপ্রতি ৪ লাখ টাকা করে খরচ ধরে এই প্রশিক্ষনে বিদেশ গমন বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৬ লাখ টাকা।

জানা যায়, এই সফরে কর্মকর্তাদের জন্য আরও ব্যয় ধরা হয়েছিল। কিন্তু মহামারি করোনাকালে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে সেটা কমে এখন ঠেকেছে এই অংকে।

সরকারের এই প্রকল্পটির প্রথম সংশোধনীতে একই মেয়াদে ২৮ কোটি টাকা খরচ বাড়ানো হয়েছিল। পরে আবারও সংশোধনী এনে ২ বছর মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরও ১০৭ কোটি টাকা বাড়তি খরচের প্রস্তাব দেয়া হয়।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়, এই প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গুলশা,পাবদা ও টেংরা মাছ চাষের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার জনপ্রিয় করা হয়েছে এবং তাতে উৎপাদন বাড়ছে। তিন হাজার ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের খামারিদের মধ্যে এই কার্যক্রম সফলতা পেয়েছে। ফলে দেশের সবগুলো ইউনিয়নে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এ কারণে আট বিভাগের ৪ হাজার ৩০০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে দ্বিতীয় সংশোধনীতে।

প্রকল্পের আওতায় ২২ হাজার ৩৯১টি প্রদর্শনী পুকুর ও সিবিজি প্রদর্শনী স্থাপন, প্রকল্প এলাকায় ১ হাজার ১০৯টি সিবিজি গঠন, মৎস্য প্রযুক্তি বিষয়ক যন্ত্রপাতি (৬১৫টি অ্যারোটর ও ১ হাজার ৪২৫টি ডিজিটাল ওয়াটার টেস্টিং কিট) সংগ্রহ ও দফতরের জন্য সমঞ্জাম সংগ্রহ করা হবে। এছাড়া প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনও করা হবে প্রকল্প এলাকায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর