সরকারি প্রকল্পে ভয়াবহ লুটপাট: ৬০ টাকার জিনিস সাড়ে ৩ লাখ

সরকারি প্রকল্পে জিনিসপত্র কেনাকাটায় দাম নির্ধারণে লুটপাটের চিত্র দেশে নতুন না। বালিশ কান্ড থেকে মানুষ জানে দুর্নীতির সকল গল্প। এবার ভয়াবহ দুর্নীতির চিত্র দেখা গিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডি)’ শীর্ষক প্রকল্পের কিছু জিনিসপত্র কেনাকাটায়। প্রচলিত দামের চেয়ে কয়েক হাজার গুণ বেশি দাম ধরা হয়েছে প্রায় প্রতিটা জিনিসেই।

দুধে পানি আছে কিনা তা পরীক্ষা করার প্রতিটা যন্ত্রের দাম দেখানো হয়েছে ৩ লাখ ৩২ হাজার টাকা। কিন্তু বাজারে সেটি পাওয়া যায় মাত্র ৬০ টাকায়। প্রকল্পটির জন্য কেনা গাভী গর্ভবতী আছে কিনা সেই যন্ত্রের একটি কিটের দাম ধরা হয়েছে ২৪ লাখ ১৫ হাজার টাকা। অথচ বাজারে মাত্র ৯০০ টাকায় পাওয়া যায় এসব কিট।

প্রকল্পটিতে আগত অতিথিদের বসার জন্য প্রতিটা চেয়ারের দাম ধরা হয়েছে ৬ লাখ টাকা করে। কিন্তু বাজারে ৪৫ হাজার টাকার মধ্যে এই ডিজাইনের সবচেয়ে ভাল চেয়ার কেনা যায়। আবার ময়লা রাখার ৫০০ টাকা মূল্যের একটি পাত্রের দাম ধরা হয়েছে আড়াই লাখ টাকা।

৪ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন করার জন্য করা এই প্রকল্পে এমন দাম দেখেই অনুমোদন দেয়া হয়েছে। এখন বাকি আছে শুধু কেনাকাটা করা।

এছাড়া প্রকল্পের ১০৫০ জন মাঠ পর্যায়ের কর্মী বিদেশ গিয়ে গরু-ছাগলের উন্নয়নে উচ্চতর প্রশিক্ষন নিবেন, তার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা। জনপ্রতি খরচ দেখানো হয়েছে ৫ লাখ ২৪ হাজার টাকা। আলাদাভাবে প্রশিক্ষন নেয়া ৭৫ জন কর্মকর্তার জন্যও ৬ লাখ ৬৪ হাজার করে মোট ৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর