করোনাভাইরাস পরীক্ষার নামে ভুয়া সনদ দিয়ে প্রতারণা করা জেকেজি হেলথ কেয়ারের সিইও আরফুল হক চৌধুরীসহ জেকেজির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
রবিবার (২৩ আগস্ট) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল।
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
প্রাণঘাতী করোনা পরীক্ষার নামে ভুয়া সনদ দিয়ে প্রতারণার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জেকেজির সিইও ও চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনি। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য জানিয়েছেন।
কমিশনের পরিচালক বলেন, ‘করোনা সনদ দিয়ে জালিয়াতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী প্রতিষ্ঠানের সিইও আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করছে কমিশন। করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে’।
দুদকের এক কর্মকর্তা জানান, ‘আরিফুল হক চৌধুরী, আরিফুলের বোন জেবুন্নেছা রিমার স্বামী জেকেজির কর্মকর্তা আ স ম সাঈদ চৌধুরী ও জেকেজির চাকরিচ্যুত কর্মকর্তা হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজ সোমবার বা মঙ্গলবার সাবরিনাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করবে দুদক’।
বার্তাবাজার/এমকে