বঙ্গবন্ধু গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি: নদভী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসার ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, বাংলাদেশ মানেই মুজিব। মুজিব মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু, বাঙালি, বাংলাদেশ- এক ও অভিন্ন। তাঁর বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্ব ও দৃঢ় ব্যক্তিত্বকে ঘিরেই বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন ও মুক্তি সংগ্রামে। গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি বলেই বঙ্গবন্ধুকে ৪৬৭৫ দিন কারাগারে কাটাতে হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ নদভী প্যালেস কনফারেন্স হলে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, লোহাগাড়া শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাঙালিত্বের চেতনায় বঙ্গবন্ধু আমৃত্যু একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাঁর পুরো জীবনটাই ছিলো জাতির জন্য উৎসর্গিত। তিনি কর্মী থেকে হয়েছেন নেতা, আর নেতা থেকে হয়েছেন জননেতা, জননেতা থেকে হয়েছেন জাতির জনক। ৭৫’র ১৫ আগস্টের নৃশংসতার পর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর অবদান বিকৃতির অপচেষ্টা চালিয়েও সফল হতে পারেনি। শত ষড়যন্ত্রের মাঝেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের ধারা ও চেতনায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু আজ জাতির সামনে সমহিমায় সমুজ্জ্বল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক হামেদ হোসাইন মেহেদী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর