খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় মারা গেছে পাঁচ বছরের এক শিশু। এরপর সরকারি অনুদান নিয়ে তার বাড়িতে পৌঁছায় প্রশাসন। ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশে।
রোববার (২৩ আগষ্ট) ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়ার আগে শিশুটির বাড়িতে এক সপ্তাহ ধরে কোনো খাবার ছিল না। ফলে কয়েকদিন ধরে দানা জোটেনি তার পেটে। খিদের জ্বালায় এক সময় অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসাও হয়নি সময়মতো। শেষে শিশুটি মারা যায়।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক অতীতে এর থেকে দুঃখজনক ঘটনা আর কখনো ঘটেনি। ভোট, সরকার, জনসাধারণের সেবা করার অঙ্গীকার, সবই প্রশ্নের মুখে এসে দাঁড়ায় এমন খবর প্রকাশ্যে আসার পর। এ খবর জানার পরই ৫০ কেজি আটা, ৪০ কেজি চাল, ডাল, রেশনের আরও অনেক সামগ্রী নিয়ে মেয়েটির বাড়িতে ছুটে আসে স্থানীয় প্রশাসন।
মৃত শিশুর মা বলেন, আমার স্বামী অসুস্থ, আমি একা হাতে দিনমজুরি করে সংসার চালাই। কিন্তু লকডাউনের পর থেকে কাজ নেই। তাই গত এক মাস ধরে বাড়িতে খাবার নেই।
কিন্তু স্থানীয় প্রশাসন বলছে, খিদের জ্বালায় মেয়েটির মৃত্যু হয়নি। তার মৃত্যু হয়েছে ডায়েরিয়ায়। শিশুটির মা জানান, বাড়িতে বিদ্যুতের বিল এসেছে সাত হাজার টাকা। সেই টাকা পরিশোধ করতে না পারায় তিন মাস আগে বিদ্যুৎ বন্টন সংস্থা থেকে এসে লাইন কেটে দিয়ে যায়।
কেএস/বার্তাবাজার