‘ভদ্র স্যারকে বিশ্বাস করতাম’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা: সেই ধর্ষক শিক্ষকের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষকের লালসার শিকারের কথা জানিয়ে অনার্স পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার) বিকেল ওই ছাত্রীর পিতা শামীম মিয়া পাকুন্দিয়া থানায় অভিযুক্ত শিক্ষক রাসেল আহমেদকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
জানা যায়, পুলেরঘাট এলাকার কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন রাসেল। সেই সুবাদে সুমাইয়ার সাথে পরিচয় হয় তার। সে একই জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের রহমত আলীর ছেলে।
আত্মহত্যার আগে সুমাইয়া লিখেছিলেন, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে ছাত্রীকে ধর্ষনের পর অন্য মেয়কে বিয়ে করে ছাত্রীকে আত্বহত্যা করতে বাধ্য করা আমার প্রিয় শিক্ষক। আর সেই ভাগ্যবান ছাত্রী আমি নিজে। আল্লাহ আমায় মাফ করো। দেশে এমন শিক্ষক আর কোনো ছাত্রীর জীবনে না আসুক। সবাই আমায় মাফ করেবেন। সদ্য এসএসসি পাশ করা একটা মেয়ে বিয়ের মানে এসব জানতামেই না ভদ্র স্যারকে বিশ্বাস করতাম যা বলতো তাই শুনতাম। যাই তোক ভাল যাক সে….বিদায়’।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া মামলা দায়েরের কথা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, আসামি রাসেল পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তা বাজার/এস.আর