ভারত-চীন সীমান্তের উত্তেজনা সবারই জানা। এরই মাঝে এবার সীমান্ত সংলগ্ন ধর্মীয় স্থাপনাগুলোর পাশেও সামরিক ঘাঁটি তৈরি করছে বেইজিং। কৈলাস পর্বতের মানস সরোবর হ্রদের তীরে ভূমি থেকে আকাশে হামলা চালাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বসাচ্ছে শি জিনপিং সরকার। এপ্রিলে এ কাজ শুরু হয়েছিল। এখন প্রায় শেষের পথে। এমটা খবর সিএনএন ও ইন্ডিয়া টুডের।
লাদাখের সাথে টানাপোড়েনের শুরু থেকেই ক্ষেপণাস্ত্র বসানোর কাজ শুরু করে চীন। মনে করা হচ্ছে, লিপুলেকে ভারতের রাস্তা তৈরির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন সেখানে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে।
এরই মাঝে ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত কৈলাসে যাওয়ার জন্য ৮০ কিমি. রাস্তা তৈরি করেছে ভারত। স্যাটেলাইটের ছবি থেকে বোঝা যাচ্ছে, চীন মানস সরোবর লেকের তীরে এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এখানে চীন এইচটি-২৩৩ রাডার সিস্টেম ইনস্টল করছে, যা মিসাইলের ফায়ার সিস্টেমের কাজ করে।
এছাড়াও একাধিক রাডার সিস্টেম লাগানোর কাজ চলছে, যা টার্গেটকে ধ্বংস করতে সাহায্য করে। আর এগুলো ভারতের সীমানা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে স্থাপন করা হবে।
কেএস/বার্তাবাজার