কক্সবাজারের টেকনাফ থানার সদ্য বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২)/২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৮ হাজার ৮১০ টাকার অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়েছে দুদক। এছাড়াও দুদকের কাছে জমা দেয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে এই দম্পতি। একইসঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে।
দুদকের এই কর্মকর্তা আরো জানান, তদন্তকালে এই মামলায় অবৈধ সম্পদের সঙ্গে সম্পৃক্ত অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
কেএস/বার্তাবাজার/ডি.এস