হেলমেটের ভেতর ভারতীয় রুপি ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে দুই বাংলাদেশি যুবককে হেলমেটের ভেতরে লুকিয়ে রাখা ২৯ হাজার ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। আটকরা হলেন- আল-আমিন (২২) ও জুয়েল মিয়া (২৮)।

রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের বুরুঙ্গা সেতু সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি।

বিজিবির বারমারি ক্যাম্প সূত্র জানায়, কমান্ডার নায়েক মাহবুল ইসলামের নেতৃত্বে সকালে নিয়মিত টহল চলছিল সীমান্ত এলাকায়। গোপন সংবাদে শান্তির মোড় এলাকা থেকে আল-আমিন (২২) ও জুয়েল মিয়াকে (২৮) সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মোটরসাইকেলযোগে সীমান্তঘেঁষা গ্রাম খলচান্দা কোচপাড়া থেকে আল-আমি ও জুয়েল আসছিল। পরে তাদের দেহ তল্লাশি করে। তল্লাশির সময় হেলমেটে লুকিয়ে রাখা অবস্থায় ২৯ হাজার ভারতীয় রুপি ও একটি মাহিন্দ্রা মোটরসাইকেল জব্দ করে বিজিবি। এ সময় একই গ্রামের লিটন কোচ (২৮) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক যুবক বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

বারমারী বিওপি কোম্পানি কমান্ডার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক দুই যুবককে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিকালে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এখনো আটককৃত বাংলাদেশি দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর