রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার আরও চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি ওই চার মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল করার প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল বিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (রোববার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন শূনানি নিয়ে এই আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অপরদিকে খালেদা জিয়ার পক্ষে শূনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, চার মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ওই মামলাগুলোর কার্যক্রম স্থগিতই থাকবে।
নাশকতার অভিযোগে ২০১৫ সালের ৩ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানায় তিনটি এবং ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা করা হয়।
বার্তাবাজার/এসজে