রিফাত হত্যা: ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিচ্ছেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ রবিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় বরগুনার শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান।

করোনা ভাইরাসের সংক্রমনের ফলে আদালত বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ পাঁচ মাস পর এ মামলার ৭৬ তম ও শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির। সাক্ষ্যগ্রহণ উপলক্ষে কারাগারে থাকা এ মামলার সাতজন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়াও আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা অপর সাতজন অপ্রাপ্তবয়স্ক আসামি। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে তদন্তকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। পরে ওই বছরের ১ সেপ্টেম্বর বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এই দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তদন্ত প্রতিবেদনে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামির পাশাপাশি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর আগামী ২৬ আগস্ট যুক্তিতর্কের দিন ধার্য করেছে জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী কাল ২৪ আগস্ট ও পরের দিন ২৫ আগস্টও দিন ধার্য রয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন শিশু আদালত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর