সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজি

সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খোরশেদ আলম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত পাঁচ বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না। এ অভিযোগ রাজশাহীতে এসে আমি এই প্রথম শুনলাম। এ জন্য যদি আমি দায়ী হয়ে থাকি বা স্বাস্থ্য বিভাগের কেউ দায়ী হন, তা হলে সাংবাদিকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাইছি।

আজ (রোববার) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে আমতবিনময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থের মহাপরিচালক জানান, গণমাধ্যমকে দূরে রেখে রাষ্ট্রের কোনো কাজ ঠিকমতো সম্পন্ন করা যাবে না। এখন দেশের মিডিয়া শক্তিশালী একটি গণমাধ্যম এবং সাংবাদিকরা আমাদেরও সহযোদ্ধা।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ কিছুই জানতে পারবে না। আমরা যতই বলি না কেন, তা জনগণ বিশ্বাস করবে না। স্বাস্থ্যসেবার বিষয়ে সাংবাদিকরা যখন গণমাধ্যমে তুলে ধরবেন, তখনই জনগণ সবকিছু জানতে পারবেন। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এ মুহূর্তে নির্দেশ দিচ্ছি– তিনি যেন মিডিয়াকে উপেক্ষা না করে চলেন।

এর আগে সকালে রাজশাহীতে পৌঁছে স্বাস্থ্য মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খোরশেদ আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করোনা ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের দেখেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর