যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির লুইজিয়ানা প্রদেশে এই ঘটনা ঘটে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা তাদের এক সংবাদে এই তথ্য জানায়।
পুলিশের গুলিতে নিহত ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির নাম ট্রায়ফোর্ড পেলেরিন। গুলি খাওয়ার পর ৩১ বছর বয়স্ক ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তবে হত্যাকান্ডের পর পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি অস্ত্রধারী ছিলেন এবং একটি সুপারশপে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন।
আজ-জাজিরার খবরে বলা হয়, গুলি করার দৃশ্যটি একটি ভিডিওতে ধারণ করা হয়েছে। এটি দেখে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন শনিবার এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
তাদের বিবৃতিতে বলা হয়, এই হত্যাকান্ড কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার একটি ভয়াবহ ও মর্মান্তিক উদাহরণ।
আবার লুইজিয়ানার প্রাদেশিক পুলিশের বিবৃতিতে বলা হয়, একজন মানুষকে ছুরি হাতে অনিয়ম সৃষ্টির অভিযোগ আসে তাদের কাছে। পুলিশ গিয়ে তাকে বৈদ্যুতিক শক দেয়ার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ হয়নি। তখন ছুড়ি হাতে ওই ব্যক্তি আরেকটি দোকানে প্রবেশের চেষ্টা করে। সেখানে অনেক মানুষ থাকায় তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।
বার্তাবাজার/এসজে