কুমিল্লা সিটি করপোরেশনের অরক্ষিত ও ঢাকনাহীন ড্রেনে পড়ে রবিন নামে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত রবিন চান্দিনা উপজেলার কেশারা গ্রামের সুমন মিয়ার ছেলে বলে জানা গেছে।
গতকাল (শনিবার) নগরীর ২৩ নং ওয়ার্ডের (কোটবাড়ি) চাঙ্গিনী হাইস্যার কলোনিতে এই ঘটনা ঘটে।
নিহত রবিনের মা রোজিনা বেগম জানান, তার সাথে রবিন গ্রামের বাড়ি থেকে বেড়াতে আসেন এইখানে। শনিবার বিকালে খেলার সময় সিটি করপোরেশনের ঢাকনাহীন ড্রেনে পড়েই তার মৃত্যু হয়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান।
রবিনের মামা ও স্থানীয় লোকজন জানান, সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের উপরে অধিকাংশ জায়গায় এখনো ঢাকনা দেওয়া হয়নি। শনিবার বিকেলে খেলতে গিয়ে তার ভাগিনা ৮ বছরের শিশু রবিন ড্রেনে পড়ে পানিতে ডুবে মারা গেছে। এর পূর্বে ঢাকনাবিহীন এই ড্রেনের উপর দিয়ে হাটতে গিয়ে একাধিকবার পড়ে আহত হয়েছে। তারা শিশু মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার দাবি করেছেন।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মহসিন জানান, ড্রেনে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। মৃত্যুর ঘটনায় শিশুর স্বজন এখনো কোনো অভিযোগ করেনি। তারপরও আমরা বিষয়টির খোঁজ নিবো।
বার্তাবাজার/এসজে