সাগরে লঘুচাপ আর অমাবস্যার প্রভাবে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে দেশের উপকুলীয় ১৬ জেলা। জোয়ারের তীব্র পানির চাপে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অতি জন গুরুত্বপূর্ন তিনটি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
সর্বশেষ বুধবার এবং বৃহস্পতিবারের জোয়ারে কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়ক, লুধূয়া-হাজিরহাট সড়ক এবং লরেঞ্চ-নবীগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব সড়ক বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতিরহাট-তোরাবগঞ্জ সড়কটি বিচ্ছিন্ন হওয়ায় ইলিশ মাছের মতিরহাট ঘাটটি এখন পুরোটাই ঝুঁকিতে রয়েছে। মাছ ব্যবসায়ী, জেলে ও আড়তদারদের মধ্যে হতাশা নেমে আসে। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
মতিরহাট জেলার গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়ীক কেন্দ্র। এখানে রয়েছে মাছঘাট ও মাছের বড় মোকাম। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে মতিরহাট থেকে মাছ কেনেন। প্রতিদিন তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক দিয়ে শত-শত যানবাহন চলাচল করে। জোয়ারে সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে জোয়ারে মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের প্রায় ৪০ ফুট রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বিকালে লুধূয়া হাজিরহাট সড়ক ও লরেঞ্চ-নবীগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়েছে। বলিরপুল-নাছিরগঞ্জ সড়ক জোয়ারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও মাতাব্বরহাট সড়ক, কদিরপন্ডিতের হাট সড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন ওই এলাকা পরিদর্শণ করেন।
বার্তাবাজার/এমকে