বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৬০০ কেজি ইলিশ আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত ইলিশের মূল্য প্রায় ১০ লাখ রুপি।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত থেকে এইসব ইলিশ আটক করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিএসএফ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) মুর্শিদাবাদের ফরাজিপাড়া সীমান্তে স্পিডবোটে করে টহল দেয়ার সময় তাদের জোয়ানরা দেখতে পায়, নদীপথে পাটের জাগের তলায় প্লাস্টিকে লুকিয়ে ইলিশ পাচার হচ্ছে। বাংলাদেশ থেকে চার-পাঁচজনের একটি দল নদীপথে সেই ইলিশ নিয়ে যাচ্ছিল। বিষয়টি তাদের নজরে পড়তেই পাচারকারীরা পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, প্রতি বছর এই সময় চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ নিয়ে আসা হয়। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে।
বিশেষত এবার ভারতীয় সীমান্তে ইলিশের সেভাবে দেখা মেলেনি। ফলে চোরাপথে বাংলাদেশ থেকে ইলিশ পাচার হচ্ছে। পাচারের কারণে বাংলাদেশের বাজারেও বেড়েছে ইলিশের দাম।
বার্তাবাজার/এসজে