দেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসক মারা গেছেন। এদের মাঝে ৭২ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। বাকী ৭ জন করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২২ আগষ্ট) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক।
সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক উপপরিচালক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী (ব্যাচ ১০) ডা. সৈয়দ আকতার হোসেন মৃত্যুবরণ করেন।
এছাড়া সারাদেশে ২০ আগস্ট পর্যন্ত সর্বমোট ৭ হাজার ৬৬০ ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য দুই হাজার ৫৯১ জন চিকিৎসক, এক হাজার ৯২০ জন নার্স এবং তিন হাজার ১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বার্তাবাজার/এমকে