বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ‘গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত

বিজেএসসি আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেঙ্গলী টেলিভিশনের ফেসবুক পেজে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, সভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হূমায়ূন। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মফিজুর রহমান, ও দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ এস এম আমানুর রহমান রাফাত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজেএসসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক খোলা কাগজের সিনিয়র প্রতিবেদক শাহাদাৎ স্বপন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা নিয়ে জ্ঞানগর্ভ আলোচলা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর কেবলমাত্র গণমাধ্যমের মুখে তালা নয়, পুরো বাংলাদেশের জনগনের মুখে তালা মেরে রাখা হয়েছিল’। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর পর গণমাধ্যমের গণতান্ত্রিক চর্চা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং সত্যিকার অর্থেই গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়’।

বিজেএসসি এর কেন্দ্রীয় সভাপতি গাজী হীরক বলেন, ‘বঙ্গবন্ধুকে বিশদভাবে জানার আগ্রহ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যদিও দুর্ভাগ্যবশত জাতির পিতাকে হারিয়েছি কিন্তু তার মহান আদর্শকে তো হারায়নি। তাই বঙ্গবন্ধুকে সঠিক ভাবে জেনে তার রেখে যাওয়া আদর্শকে আমাদের জীবনে চলার পথের পাথেয় হিসেবে গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিজেএসসির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমানদের থেকে আমরা কোন বিকৃত ইতিহাস নয় বরং জানতে পারবো বঙ্গবন্ধুর হত্যা পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল। নতুন প্রজন্ম জানতে পারবে সঠিক ইতিহাস!’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর