সুনামগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার বালিয়াঘাট নতুন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল খায়ের ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম এ দুই নেতার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলকপুর গ্রামের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়ের ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য একই গ্রামের অমৃতপুরের বাসিন্দা শফিকুল ইসলামের দ্বন্দ চলে আসছে। এর জের ধরেই শনিবার সকালে বালিয়াঘাট বাজারে শফিকুল ইসলামের পরিবারের লোকজন আবুল খায়েরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। পরে বিকাল চারটার দিকে উভয় পক্ষের কয়েকশ সমর্থক আগাম ঘোষণা দিয়েই বাজারে সমবেত হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোটা ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০-২৫ জন আহত হয়েছে। আহতরা সুনামগঞ্জ জেলা সদর ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে আ’লীগ নেতা শফিকুল ইসলাম এবং আবুল খায়েরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এরপরও জনস্বার্থে উপজেলার বালিয়াঘাট বাজারে সন্ধ্যার পর থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর