‘পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে দানবে পরিণত হয়েছে কিছু পুলিশ সদস্য। দেশে আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে।

আজ(শনিবার) অনলাইনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নেতাদের সভায় এসব বলেন ড. কামাল। এসময় তিনি বলেন, দেশে বর্তমানে মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকার দুর্নীতি করে যাচ্ছে। এমনকি দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না।

এসময়, বন্যায় ও নদী ভাঙ্গনে কৃষকদের ফসল নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নদীতে বিলীন হয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ। কোনো সরকারই বন্যা, নদী ভাঙ্গনের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ড. কামাল জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, দেশের সকল সমস্যা সমাধান করার জন্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। এই লক্ষ্যে গণফোরামের আহবায়ক কমিটিসহ সকল জেলা-উপজেলা নেতৃবৃন্দকে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। জনগণকে আরো সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোকাব্বির খান এমপি। সভায় আরও বক্তব্য রাখেন ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মুহসিন রশীদ, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, শফিউর রহমান বাচ্চু।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর