দেশীয় অস্ত্রসহ নৌ ডাকাত সরদার আটক

ঢাকার সাভারের আমিনবাজারের তুরাগ নদীতে ডাকাত দলের সাথে নৌ পুলিশের ব্যাপক গুলি বিনিময়ের পর নৌপথের ডাকাত সরদার ১৪ টিরও বেশি মামলার আসামি মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে নৌ পুলিশ। শনিবার (২২ আগষ্ট) ভোর রাতে কুখ্যাত ডাকাত সরদার মুজিবুর রহমান টেক্কাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটক নৌ ডাকাত বরগুনা জেলার তালতলী থানার গাবারীয়া গ্রামের মুনসুর আলী আকনের ছেলে।

সাভারের আমিনবাজার নৌ পুলিশের অফিসার ইনচার্জ শেখ আলমগীর হোসেন জানান, আজ (২২ আগষ্ট) ভোর রাতে কুখ্যাত ডাকাত সরদার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত তুরাগ নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ, বালুবাহী বলগেডসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে তুরাগ নদীর দীপনগর এলাকায় নৌ পুলিশের উপ-পরিদর্শক সাদিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌ ডাকাত দলের সরদার মুজিবুর রহমান টেক্কা ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে ডাকাতদের উপর পাল্টা গুলি ছুড়লে প্রায় ঘন্টা খানেক তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সরদার মুজিবুর রহমান তুরাগ নদীর পানিতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে লাফিয়ে পড়ে ডাকাত দলের প্রধান মুজিবুর রহমান টেক্কাকে আটক করে। এসময় অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

ডাকাত দলের নৌযান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ।

আটককৃত ডাকাত সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ১৪ টিরও বেশী ডাকাতির মামলা রয়েছে উল্লেখ করে অফিসার ইনচার্জ শেখ আলমগীর হোসেন আরও জানান, আটক ডাকাত সর্দারের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, এই নৌ ডাকাত প্রধানের অন্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর