সৌদির আল লেছব শহরের সাগরে ফিশিং ট্রলার ডুবে বাংলাদেশী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। জানা যায়, মৃত দুই ভাইয়ের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ খুজে পায়নি পুলিশ।
গতকাল(শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৮ টায় মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকালে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলেও অসিম ও উসমান ফিরে আসেননি। তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।
ছত্তিশ গ্রামের বাসিন্দা সাহিল আহমদ বলেন, তারা দুই ভাই খুবই ভালো মানুষ ছিলেন। নীরবে-নিভৃতে অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেএস/বার্তাবাজার