নরসিংদীতে আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন

নরসিংদীর পৌর শহরের একটি আবাসিক হোটেলে পারিবারিক কলহের জেরে ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় তার স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ আগষ্ট) দুপুর ১টার দিকে সদর রোডের একটি হোটেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও পরকিয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বি-বাড়িয়ার নবিনগর উপজেলার রহমান বাড়ীর সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে সদর রোড এলাকার সেই হোটেলে উঠেন। দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খুলেনি। অবস্থা বেগতিক দেখে হোটেল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেফতার করে পুলিশ।

সূত্রে জানা যায়, কয়েক দিন পর পরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটাতেন। বিষয়টি তার স্বামীর কাছে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে রেশমাকে হত্যা করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে’।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর