২১ আগস্ট হামলার পর খালেদা জিয়া বিচলিত ছিলেন: রিজভী

২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার তান্ডব দেখে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা বিচলিত হয়েছিলেন। তিনি হামলায় আহতদের দেখতে সিএমএইচে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া সিএমএইচে আইভি রহমানসহ আরও যারা আহত হয়েছিলেন তাদের দেখতে গিয়েছিলেন, খোঁজ-খবর নিয়েছিলেন। সেখান থেকে গিয়েছিলেন সুধা সদনে। কিন্তু সেদিন তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দিল না। আপনার ছাত্রলীগ, যুবলীগ শুধু ঢুকতে দেয়নি এমনকি প্রধানমন্ত্রী ও তার নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করেছে। এর কারণ কী? বিদেশে থেকে গোয়েন্দা বাহিনী আনা হলো তদন্ত করতে, তাদেরও কেন সহযোগিতা করলেন না?

রিজভী বলেন, বিএনপির তৎকালীন সরকারকে অভিযুক্ত করার জন্য পরিকল্পিতভাবে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনা যে পরিকল্পিত তা বোঝা যায়। হঠাৎ করে পুলিশকে না জানিয়ে মুক্তাঙ্গণ থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ নিয়ে যাওয়া হয়। এ পরিকল্পনা ছিল বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং ছলে-বলে-কৌশলে ক্ষমতায় এসে বিএনপি নেতাকে বিপর্যস্ত করা-অভিযুক্ত করা। বড় ধরনের দেশীয় ও বিদেশি চক্রান্ত-ষড়যন্ত্রের ফল হচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলা।

মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ওলামা দল নেতা কারী রফিকুল ইসলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর