ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পরে।এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে ১শিশু, ২জন নারী ও ৩জন পুরুষসহ ৬জন নিহত হয়। প্রাথমিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, জরুরী প্রয়োজনে গাজীপুরের হোতাপাড়ার বাসা থেকে প্রাইভেটকারে চড়ে প্রতিবেশি বিল্লালের (৪৫) সাথে ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছিলেন একই এলাকার হাসনা (৩০)। ভালুকা সরকারি কলেজের সামনে তাদেরকে বহনকারী প্রাইভেটকারটি ইউটার্ণ নিতে গেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ঈমাম পরিবহন নামের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসনার পরিবারের ৪ সদস্যসহ মোট ৬ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হাসনা , তার ছেলে হাসিবুল (৮), হাসনার বোন নাজমা (২৫), হাসনার শ্বাশুড়ি জান্নাতি (৬০), প্রতিবেশি বিল্লাল ও গাড়ির চালক মনির।
এ বিষয়ে ভালুকা হাইওয়ে থানার ওসি হাদিউল ইসলাম জানান, নিহত মনিরের সুস্পষ্ট কোনো পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
বার্তাবাজার/এসজে