আসন্ন ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করতে চান ঢাকা বিস্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
বেশ কিছুদিন ধরে তার সমর্থকরা ফেসবুকে প্রচার করে আসছিল ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে নিশ্চিত করে ডাকসু ভিপি জানান, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছে আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবার ভোটমুখি করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে।
তিনি আরও জানান, তার রাজনৈতিক দলের যেহেতু এখনও কোনো নিবন্ধন হয়নি তাই স্বতন্ত্র নয়তো পরিস্থিতি বিবেচনা করে অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়তে পারেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মারা গেলে আসনটি শূন্য হয়।
বার্তাবাজার/এসজে