মেয়েকে নিয়ে বাজে মন্তব্য, মুখ খুললেন সাকিবের স্ত্রী

সম্প্রতি সাকিব আল হাসানের মেয়ে আলাইনার একটি ছবি পোষ্ট করার পর কয়েকজন ছবিতে বাজে মন্তব্য করেন। এ নিয়ে গত দুই দিন ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির। তিনি বাজে মন্তব্যকারীদের চেয়ে বরং যারা ওই মন্তব্যগুলো ফলাও করে প্রচার করেছেন তাদের ওপরই বেশি বিরক্তি প্রকাশ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে শিশির তাঁর ভেরিফাইড পেইজে একটি পোষ্ট দেন। সেখানে তিনি লিখেন, কি হচ্ছে তা আমি খেয়ালও করিনি কারণ, এতে আমরা বিব্রত হয়নি। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী যেমন আছেন তেমনি কিছু লোক আছেন যারা পছন্দ করেন না; এটা সম্পূর্ণ একটা প্যাকেজের মতো। আমরা সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রে থাকি এবং এটা ভালো। বিশ্বের অনেক সেলেব্রিটি অনেক গুরুতর বিষয় ফেস করেন কিন্তু অন্য দেশগুলোতে তাদের এতটা সময় নেই যে, হাজারো ভালো কমেন্টের মধ্য থেকে ৪/৫টা খারাপ কমেন্ট খুঁটে খুঁটে বের করবে।

তিনি বলেন, আমি ওই সকল মন্তব্যকারীদের নিয়ে ভাবছি না কারণ সেগুলোতে আমরা বিব্রত হয়নি বরং ওই সকল পেজের এ্যাডমিনদের নিয়ে ভাবছি যারা ওই চারটা কমেন্ট খুঁজে বের করে ছোট্ট একটা বিষয়কে বড় করে তুলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে। চলুন, আপনাদের পেজের কিছু উন্নতি হোক! আমাদের মোটিভ এবং জীবনযাপনে কোনকিছুই প্রভাব ফেলবে না কারণ, এই তুচ্ছ বিষয়টা আমাদের মোটেও বিব্রত করেনি।

স্ত্রী কন্যাদের নিয়ে বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানেই স্ত্রী-কন্যাকে নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল আলাইনা। চুলে গোঁজা দুটো ফুল। আর সেই ছবিতেই নানাধরনের বাজে মন্তব্য করতে দেখা গেছে কয়েকজনকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর