চট্টগ্রামে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপনের নিষেধাজ্ঞা আইন অমান্যের দায়ে একটি সুপার শপকে ৬০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তিনটি বাসকে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ অগাস্ট) জেলা প্রশাসনের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ও মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত পৃতক দুটি অভিযানে নগরীর দুই নম্বর গেইটে একটি সুপার শপ এবং নতুন ব্রিজ সংলগ্ন বাস টার্মিনালে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে সুপার শপ মীনা বাজারে বেনসন কোম্পানীর সিগারেটের জন্য আলাদা প্রদর্শন কর্ণার দেখতে পায়। বেনসন কোম্পানির বিজ্ঞাপনের জন্য ডিসপ্লে মেশিনের মধ্যেই সিগারেটের প্রদর্শন করা হচ্ছিল। একইসাথে ভেন্ডিং মেশিন সাদৃশ্য মেশিন দেখতে পায় মোবাইল কোর্ট।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এ অনুযায়ী বিজ্ঞাপন ও ভেন্ডিং আইন না মানায় সুপার শপটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন প্রদর্শন থেকে বিরত থাকতে নির্দেশনাও দেওয়া হয়।
অপরদিকে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এস আলম পরিবহন, রিল্যাক্স পরিবহন ও আরকানাইজ স্পেশাল সার্ভিসের তিনটি বাসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশনাও দেওয়া হয়।
বার্তা বাজার / ডি.এস