চট্টগ্রামে বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশানে জলাবদ্ধতা নিরসনে ৪ লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (২১ আগস্ট) শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুদানের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ এবং সরকারি তহবিলের ১ লাখ টাকা দেওয়া হয়েছে।
জানা যায়, সম্প্রতি বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান মৃতদেহ সৎকারের স্থান বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশানে মৃতদেহ সৎকারে ব্যাপক দুর্ভোগের কথা জানতে পেরে স্থানীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর এক প্রতিনিধির মাধ্যমে নগদ চার লাখ টাকা অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন।
এ প্রসঙ্গে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাটি ভরাট করে অভয়মিত্র মহাশ্মশান উঁচু করা হলে জোয়ারের পানি আর প্রবেশ করতে পারবে না। জলাবদ্ধতা না থাকলে সনাতন সম্প্রদায় তাদের আপনজনের মৃতদেহ সৎকার যথাযথ ধর্মীয় নিয়মনীতি অনুসরণ করে নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। আগামীতেও বলুয়ারদীঘি মহাশ্মশানের সার্বিক উন্নয়নে পাশে থাকবেন বলে জানান শিক্ষা উপমন্ত্রী নওফেল।
উল্লেখ্য, এর আগে বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশানের আলোকায়নের জন্য সোলার এলইডি লাইট ও করোনা দুর্যোগকালীন সময়ে মৃতদেহ সৎকারকারীদের সুরক্ষা সামগ্রী প্রদান করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বার্তা বাজার / ডি.এস