গাইবান্ধায় ত্রাণ দিতে গিয়ে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক শিক্ষার্থী নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনা আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে ঘটে।
নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ও ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে বিকাল সোয়া ৫টা পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।
বোরহান উদ্দিন নিশাদ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিশাদ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে।
কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নৌকায় করে নিশাদ ত্রাণ বিতরণ করছিলেন। হঠাৎ করে নিশাদ নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থীকে ঘটনার পর থেকে স্থানীয় ডুবুরিরা উদ্ধারে তৎপরতা চালায় । গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুর থেকে ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে বিকাল সোয়া ৫টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনও সন্ধান পাওয়া যায়নি।
বার্তা বাজার কে.কে