দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার উত্তরা থেকে তাকে আটক করে। এসময় সোহাগ নামের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীমের গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন।

ফরিদপুর পুলিশ সূত্রে জানা গেছে, দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং ঘটনায় সিআইডি ঢাকার কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেফতার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে আটক করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহানকে। মানি লন্ডারিং মামলায় আসামী হিসাবে সিআইডি ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করে।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজী মামলার পর থেকে নিশান মাহমুদ শামীম পলাতক ছিল। মানি লন্ডারিং মামলায় সে গ্রেফতার হলেও চাঁদাবাজী মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। শামীমকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহার বাড়ীতে হামলা ও মানি লন্ডারিং মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেফতারের তালিকায় রয়েছে আরো অর্ধশতাধিক নেতা-কর্মী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর