টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। আজ (শুক্রবার) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শিউলী খাতুন, মা সালেহা ও বাবা সোহরাব। এছাড়া দুর্ঘটনায় আহত তার বোন বোন হাজেরাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. কামাল হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকা পার হওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালকসহ ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে