নিখোঁজ হওয়ার চারদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জিহাদ (৯) নামের এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জিহাদ ওই ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামের ফেরদৌস মুন্সির ছেলে এবং দক্ষিণ ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পরিবার সদস্যরা জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিহাদ। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।
এদিকে, শুক্রবার সকাল ১০ টায় জিহাদের বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া নয়াভাঙ্গুনীর খালে অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় এক ট্রাক্টর চালক। পরে সে পাশের জমিতে কাজ করা কয়েকজন কৃষককে দেখালে তারা জিহাদের পরিবারকে জানান। এ খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে গিয়ে জিহাদের মরদেহ দেখে আহাজারি শুরু করে। পরে দুপুরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মৃত জিহাদের মা আসমা বেগম, এর সাথে কেউ জড়িত নেই বলে জানালেও জিহাদের বাবা ফেরদৌস মুন্সি বলেন, তার সম্পত্তির লোভে হয়তো তার বাড়ির অন্য লোকজন তার ছেলেকে হত্যা করেছে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে