শিশুকে যৌন নিপীড়নের দায়ে আব্বাস উদ্দিন (৪২) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে গাছের সাথে হাত পা বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘটা এই ঘটনায় মারধরের শিকার আব্বাস উদ্দিনের বড় ভাই রিয়াজুল হক বাদী হয়ে তিনজকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মারধরের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে নাসির উদ্দীন ওরফে রাশিদুল ও হাফিজুর রহমানের ছেলে জামাল উদ্দীন।
জানা যায়, উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের আব্দুল কাদেরের প্রতিবন্ধী ভাতার তালিকাভুক্ত ছেলে আব্বাস উদ্দিনকে গত ১২ আগস্ট বিকালে এলাকার ৫ বছর বয়সী এক শিশুকে যোঊন নিপীড়নের অভিযোগে কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরে হাত-পা গাছের সাথে বেঁধে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে তার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলাও দায়ের করা হয়। বর্তমানে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী আব্বাস উদ্দীন জেলহাজতে রয়েছেন।
এদিকে ঘটনার আটদিন পর আব্বাস উদ্দিনের ১৪ বছর বয়সী ছেলে আবির হাসান তার বাবাকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। নির্যাতনের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধীর বড় ভাই বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর হোসেন জানান, আব্বাস উদ্দীনের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কয়েকদিন আগে মামলা হয়েছে। নির্যাতনের ঘটনায়ও পৃথক আরেকটি মামলা আমরা গ্রহণ করেছি।
বার্তাবাজার/এসজে