দ্বিতীয়বার করোনা পরীক্ষায় নেগেটিভ যুবা ক্রিকেটার ইফতি

বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের লক্ষ্যে বিসিবির উদ্যোগে করা দ্বিতীয় ধাপের প্রথম করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি। এবার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করে জানা গেল তিনি করোনা আক্রান্ত নন। তবে তার তৃতীয় পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় আছে বিসিবির গেম ডেভলপমেন্ট।

আজ (শুক্রবার) এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কায়সার।

তিনি জানান, ‘আগের বারের পরীক্ষায় ইফতির করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তাকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছি। তো তার রিপোর্ট নেগেটিভ এসেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমরা ওকে তৃতীয়বার পরীক্ষা করাবো। যেহেতু একটা পজেটিভ আর একটা নেগেটিভ।’

এর আগে গত ১৮ আগস্ট দ্বিতীয় ধাপে ১৫ জন যুব ক্রিকেটারের করোনা পরীক্ষা করে বিসিবি। সেখানে একমাত্র ইফতিরই পজেটিভ আসে। এরপর থেকে তিনি আইসোলেশনে ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পের মধ্য দিয়েই গঠন করা হবে নতুন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যারা ২০২২ যুব বিশ্বকাপে অংশ নেবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর