সেই জজ মিয়া ভাল নেই, আশ্বাস পেলেও পাননি সহায়তা

২১ আগস্ট গ্রেনেড হামলার পর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাজানো নাটকের নায়ক জজ মিয়া ভাল নেই। পরিকল্পিত গল্পের ভুক্তভোগী জজ মিয়া নিজেকে পুনর্বাসিত করতে ঘুরছেন বিভিন্ন জায়গায়। গাড়ি চালিয়ে সংসারের ভার বয়ে চললেও করোনার কারণে বেতন না পাওয়ায় এখন চরম মানবেতর জীবন যাপন করছেন তিনি। জীবনের নিরাপত্তা ও নানা সংকটে থিতু নিরীহ জজ মিয়া সরকারের কাছে একটা সরকারি চাকরির দাবী জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের তিনি তার এই দাবির কথা জানান।

জজ মিয়া বলেন, সরকারি বিভিন্ন দপ্তর ও আওয়ামী লীগের নেতাদের কাছে ঘুরেছেন। বিভিন্ন আশ্বাস পেলেও সহায়তা পাননি। কারাগার থেকে বের হয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে চেয়েছেন। কিন্তু কোথাও সুযোগ পাননি। এখন পাঁচ মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তিনি।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চাপের মুখে বাধ্য হয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন জজ মিয়া। তাঁকে নোয়াখালীর সেনবাগের গ্রামের বাড়ি থেকে আটক করে ২০০৫ সালের ৯ জুন ঢাকায় নিয়ে আসেন এই মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ। ২০০৯ সালের ২৭ জুলাই কারাগার থেকে মুক্তি পান জজ মিয়া। এখন থাকেন নারায়ণগঞ্জে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর