খালেদা জিয়া ক্ষমতায় এসেই ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটায়: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় এসে ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে বিএনপি এই হামলার সাথে জড়িত ছিল বলেই আলামত নষ্ট করেছে বলেও তিনি মন্তব্য করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ (শুক্রবার) অনলাইনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এসেই ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটায়। আর এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত, যারা এ ষড়যন্ত্রে জড়িত, তাদের কথাতেই তো বের হয়ে এসেছে যে তারা কোথায় মিটিং করেছে, কীভাবে ষড়যন্ত্র করেছে। বিএনপি সরকার যদি এতে জড়িত নাই থাকে, তাহলে তারা আলামতগুলো কেন নষ্ট করল? ওই গ্রেনেড হামলার পরই তখনকার সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা লোকজন নিয়ে এসে পুরো এলাকা ধুয়ে ফেলে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাগুলোর আগে খালেদা জিয়া যে বক্তৃতাগুলো দিয়েছে, যেমন কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার আগে বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধীদলীয় নেতাও কোনোদিন হতে পারবে না। এই ভবিষ্যদ্বাণী খালেদা জিয়া কীভাবে দিয়েছিল। কারণ, তাদের চক্রান্তই ছিল আমাকে তারা হত্যা করে ফেলবে। তাহলে তো আমি কিছুই হতে পারব না। এটাই তাদের চক্রান্ত ছিল।

২১ আগস্টে নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে তাকে রক্ষা করা বিষয়ে বলেন, ‘২১ আগস্ট ওই গ্রেনেড হামলার সময় হানিফ ভাইয়ের কথা সব সময় মনে পড়ে। হানিফ ভাইসহ সবাই আমাকে যেভাবে ঘিরে রেখেছিল, আমি জানি না, এমন একটা অবস্থায় কোনো মানুষ বাঁচতে পারে কি না। আল্লাহই বোধ হয় হাতে তুলে আমাকে বাঁচিয়েছিল। আমাদের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন আমাকে রক্ষা করেছিল।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর