উচ্চমাধ্যমিকে ভর্তির আবেদন জমা পড়েছে সাড়ে ১৩ লাখ

২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে (একাদশ শ্রেণি) ভর্তির জন্য দেশের সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। গত ৯ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয়েছে গতকাল (বৃহস্পতিবার) রাতে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে ভর্তির কাজ। এবার শুধু অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন নেয়া হয়েছে।

ঢাকা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, ১৩ লাখ ৩১ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন।

দ্বিতীয় পর্যায়ের শেষে যাচাই-বাছাইয়ের পর ফল প্রকাশ করা হবে আগামী ২৫শে আগস্ট। দ্বিতীয় পর্যায়ের আবেদন ৩১শে আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। আর তৃতীয় পর্যায়ের আবেদন চলবে ৭ ও ৮ই সেপ্টেম্বর।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। একাদশ শ্রেণিতে সারা দেশে ভর্তির আসন আছে প্রায় ২২ লাখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর