ফরিদপুরে কিশোরী গণধর্ষণ মামলার ৪ আসামী গ্রেফতার

ফরিদপুরে কিশোরীকে (১৪) গণধর্ষণের অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের বিহারি কলোনি এলাকার আসিবুর রহমান (২৪), ইমরান শেখ (২৪), পাপন শেখ (২৩) ও নান্নু শেখ (২৪)। আজ (শুক্রবার) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় অসুস্থ বাবার জন্য ওষুধ আনতে যাওয়ার পথে অভিযুক্তরা তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে ধর্ষকদের হুমকির কারণে অসহায় ওই পরিবারটি আইনের আশ্রয় নেয়াসহ কিশোরীর চিকিৎসা করাতে পারেনি। গণধর্ষণের শিকার ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার আট দিন পর ভুক্তভোগী ওই কিশোরী বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। পরে বৃহস্পতিবার বিকালে পাঁচ তরুণকে আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, গণধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর