করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে আরও ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে ২৭ আগস্ট।
বৃহস্পতিবারমস (২০ আগষ্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে।
রেল সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়।
গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেন মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালু হতে যাচ্ছে।
এদিকে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ক্রায় করা যাবে। যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনে সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকবে।
বার্তাবাজার/এমকে