সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের পর কক্সবাজারের নীলিমা রিসোর্ট থেকে উদ্ধারকৃত ২৯টি আলামত র্যাবের কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ। সিনহা হত্যাকাণ্ডের পরদিন রামু উপজেলার নীলিমা রিসোর্ট থেকে এসব মালামাল জব্দ করেছিল পুলিশ। জব্দকৃত মালামালের মধ্যে সিনহার সহকর্মী শিপ্রা রানী দেবনাথের ইলেকট্রনিকস ডিভাইস এবং টাকাও ছিল।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রামু থানা থেকে এসব মালামাল গ্রহণ করেন। এ সময় রামু থানার ওসি আবুল খায়ের উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার (১৯ আগস্ট) র্যাবের এক আবেদনের প্রেক্ষিতে এ-সংক্রান্ত আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা ‘র বেঞ্চ। পরদিন বৃহস্পতিবার ইলেক্ট্রনিক্স ডিভাইসগুলো নিজেদের হেফাজতে রাখার জন্য বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন খারিজ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদেশ বহাল রাখেন। আদালতের আদেশ পেয়ে বৃহস্পতিবার রাতেই ডিভাইসগুলো গ্রহণ করতে যান র্যাব কর্মকর্তারা।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার গণমাধ্যমকে জানান, ল্যাপটপ, মোবাইল, হার্ডডিস্ক ও দুই লাখ টাকাসহ ২৯ প্রকার মালামাল আদালতের আদেশের প্রেক্ষিতে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে জানানো হবে। এ নিয়ে কোনো তথ্য গোপন রাখা হবে না।
এদিকে উদ্ধারকৃত মালামালের তালিকা আদালতে জমা দিতে ৫ দিন বিলম্ব হওয়ায় রামু থানার ওসি মো: আবুল খায়েরকে শোকজ করেছেন আদালত। ৭ দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে রামু থানার ওসিকে লিখিত ব্যখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডি.এস