আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে পবিত্র মুহাররম মাস। আগামী ৩০ আগস্ট রবিবার সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আলতাফ হোসেন চৌধুরী।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ ,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার