সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

জোয়ারের পানির চাপে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্লাবিত হয়েছে ৫টি গ্রাম। এছাড়া এসব গ্রামে থাকা দুই শতাধিক চিংড়ি ঘেরও পানিতে সয়লাব হয়ে গেছে। কিছু সংখ্যক বসতবাড়িও প্লাবণের মুখে পড়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল জানান, লেবুবুনিয়ায় গত ২০ মে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে রাখা হয়েছিল। কিন্তু বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর দমকা হাওয়া, বৃষ্টি ও জোয়ারের চাপের কারণে তা ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে বিলীন হয়ে যায়, নেবুবনিয়া গ্রামসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সাথে বেড়িবাঁধের ছয়টি পয়েন্টও ধসে গেছে। এতে সংলগ্ন এলাকার চিংড়ি ঘের ও বসতবাড়ি ছাড়াও ফসলি ক্ষেত পানিতে প্লাবিত হয়েছে।

আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী বলেন, খোলপেটুয়া নদীর পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শ্রীউলা ইউনিয়নের দয়ারঘাট এলাকার ৩টি গ্রাম। বাঁধ সংস্কারের আয়োজন চললেও বৃষ্টি ও জোয়ারের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ও সুধাংশু সরকার জানান, এখন তীব্র জোয়ার। তাছাড়া আবহাওয়া অনুকূলে নয়। একটু শান্ত অবস্থায় না ফেরা পর্যন্ত সংস্কার কাজ করা সম্ভব নয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর