মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ হাওলাদারকে তার স্ত্রী মিলি আক্তার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে শোহরের সৈয়দারবালী এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে স্ত্রী মিলি আক্তার পুঁতা দিয়ে আঘাত করেন ইলিয়াস আহমেদের মাথায়। পরে রড দিয়ে বেদম মারপিট করেন তাকে। সকালে গুরুতর আহত অবস্থাআয় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার জানান, সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস। তাঁর মাথার তিনটি স্থানে আঘাত ছিল। হাতেও আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর মডেল থানার ওসি (অপারেশন) রেজাউল করিম জানান, ‘পারিবারিক ঝগড়া থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি পারিবারিক। তাই এখনো কোনো আইনি সিদ্ধান্তে আমরা যাইনি।’
তবে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন জানান, ‘ঘটনা শুনে আমরা হাসপাতালে যাই। পরে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে তাঁর স্ত্রী এ রকম করল, তা আমাদের জানা নেই। পারিবারিক কলহের জের ধরেই হয়তো ঘটেছে। তাই আমরা এ বিষয় নিয়ে মাথা ঘামাইনি। তাঁর স্ত্রী অ্যাজমার রোগী।’
কেএস/বার্তাবাজার