দেশে এখনো স্বাভাবিক হয়নি করোনা পরিস্থিতি। এতে করে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা বিনামূল্যে করার প্রস্তাব দিয়েছে এ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। বুধবার রাতে অনুষ্ঠিত কমিটির এক সভায় এই প্রস্তাব দেয়া হয়। এছাড়া বাসায় গিয়ে নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে ৩০০ টাকা নেওয়ার কথাও বলেন তারা।
তবে এ বিষয়ে মন্ত্রণালয় নির্ধারিত ইউজার ফি পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করেছে। জাতীয় করিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহর সভাপতিত্বে সভায় বলা হয়, সরকারিভাবে কোভিড-১৯ এর টেস্টের জন্য বর্তমানে যে ধার্যকৃত মূল্য রয়েছে তা পরিবর্তন করা প্রয়োজন। যাদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয় তাদের বুথে এসে টেস্টের জন্য নমুনা দেয়ার ক্ষেত্রে বিনামূল্যে এবং বাসায় স্বাস্থ্যকর্মী গিয়ে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ৩০০ টাকা করার কথা বলা হয়।
এছাড়া করোনার নিয়মিত লাইভ বুলেটিন চালু রাখার কথাও বলেন তারা। এর পাশাপাশি সপ্তাহে একবার গণমাধ্যমের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
কেএস/বার্তাবাজার