দেশে ফিরতে পারেন বিপুল সংখ্যক প্রবাসী: পররাষ্ট্রমন্ত্রী
মহামারী করোনার কারণে দেশে ফিরে আসতে পারেন বিপুল সংখ্যক প্রবাসী। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। কিন্তু তারা যেন দেশে এসে বেকার না থাকেন সেজন্য তাদের কর্মসংস্থানের বিষয়েও কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে দুটো সম্পদ হচ্ছে পানি এবং মানুষ। এই দুটি সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমাদের বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাই দেশে ফেরা এসব মানুষের যাতে কর্মসংস্থানের অভাব না হয় সেভাবে দেশকে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশে করোনা সংক্রমনের শুরুতে আমরা যখন ভেন্টিলেশন, মাস্ক, পিপিই এসব নিয়ে ব্যতিব্যস্ত, তখন প্রধানমন্ত্রী আমাদেরকে বললেন- আপনারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে অসুবিধা নাই। তবে আমার দেশে একটি মানুষও যেন এই করোনাকালে না খেয়ে থাকে, সেদিকে নজর রাখতে হবে। অনেকে আছে যাদের নাম অনুদানের তালিকায় নেই, তারাও যেন সহযোগিতা পায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর সেই কথামতো কাজ করেছি এবং যার ফলে এই মহামারীর দীর্ঘদিনের কঠিন পরিস্থিতিতেও দেশে একজন মানুষও না খেয়ে থাকেননি।
কেএস/বার্তাবাজার