মহামারী করোনার মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আপনারা জানেন দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবহিত।
এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। এ পরীক্ষার্থীদের সঙ্গে আরও কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।
আজ(বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সভায় আলোচনা শেষে সাংবাদিকদের এসব বলেন শিক্ষামন্ত্রী।
পরিস্থিতি অনুকূলে আসলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা চিন্তা করবে। এছাড়া তিনি আরও বলেন, পরিবেশ স্বাভাবিক হলে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। যাতে পরীক্ষার্থীরাও জেনে প্রস্তুতি নিতে পারে।
কেএস/বার্তাবাজার