আমাবস্যার জোয়ারের তোড়ে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮টি গ্রাম ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ জোয়ারের পানি প্রবাহিত হয়।
এতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া বাজার, বিবির হাওলা, গোলবুনিয়া, চরলতা, মধ্য চালিতাবুনিয়া, মরাজাঙ্গী, ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
এছাড়া উপজেলার গঙ্গিপাড়া, চরযমুনা, উত্তর চরমোন্তাজ ও চরগঙ্গা, কোড়ালিয়াসহ বেড়িবাঁধের বাহিরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এমনকি এসব এলাকার প্রধান সড়কগুলো উপচে পড়েছে পানি।
ওইসব এলাকার মৎস্য ঘের ও পুকুর পানিতে তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। পানিবন্দি মানুষগুলো পড়েছে সীমাহীন দুর্ভোগে।
গ্রামবাসীরা বলছেন, ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা হোক। না হলে আমাদের প্রতিনিয়ত পোহাতে হবে এমন দুর্ভোগ।
চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদ সহাসান বলেন , আজকে জোয়ারের পানিতে আমাদের পুরো ইউনিয়ন ডুবে গেছে । তাই এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই যাতে দ্রুত টেকসই বাঁদ নির্মান করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস